ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সাল আমিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেনের বাড়িতে ফুলের তোড়া দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে মির্জা ফয়সাল আমিন দেলোয়ার হোসেনের বাড়িতে যান। এ সময় তারা একে অপরকে মিষ্টিমুখ করে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দক্ষতা বিনিময় করে।
তিনি দেলোয়ার হোসেনকে ভবিষ্যৎ ঠাকুরগাঁও গড়ার আহ্বান জানান। অপরদিকে ঠাকুরগাঁওয়ের সকল উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার আশ্বাস দেন জামায়াতের এই প্রার্থী।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমিন। তিনি ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬,৪৫৩ ভোট। দুই প্রার্থীর ভোটের পার্থক্য ১ লাখ ৩১ হাজার ৩৩৬।
এ ছাড়া হাত পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট। বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলীম নিজামী পেয়েছেন ৮৩৬ ভোট। আর ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেস প্রার্থী হুসেইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৪৪৯ ভোট।
আসনটিতে মোট ভোটার ছিল ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন, মহিলা ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।