বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট নিহত তাহসিফ সৌরির বাবা কে এম এনায়েতুল করিম বলেছেন, ‘আমার ছেলে এ দেশের একজন সুনাগরিক ছিল। সশস্ত্র বাহিনীর একজন সদস্য ছিল। তার এ ধরনের মৃত্যুর যেন সুষ্ঠু তদন্ত হয় এবং প্রকৃত কারণ বের হয়ে আসে।’ শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় এখনও থানায় মামলা হয়নি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে মামলার এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি মামলার বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সরকারের নিজস্ব আইনে ছেলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।
কে এম এনায়েতুল করিম বলেন, ‘আমরা পারিবারিকভাবে এখনও কোনও ধরনের মামলার সিদ্ধান্ত নিইনি। মামলা করবো কি না, সে বিষয়েও সিদ্ধান্ত হয়নি। আজ আমাদের নানা ব্যস্ততা আছে। হয়তো আজ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো না। তবে আমরা চাই, থানায় গিয়ে দুই কলম কী লিখলাম বা না লিখলাম, সেটির ওপর সরকার গুরুত্ব না দিয়ে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিক।’
উত্তরখান থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, নিহত তাহসিফের বাবাকে ফোন দিয়ে থানায় মামলা করার জন্য বলা হলেও এখনও তিনি থানায় আসেননি।
তাহসিফের মৃত্যুর ঘটনায় তার ‘জুনিয়র বন্ধু’ দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ।