দীর্ঘ পাঁচ বছর কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি নারী।
শনিবার (৩১ অক্টোবর) বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্টে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরা নারীদের বাড়ি দেশের বিভিন্ন জেলা শহরে।
ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, দালালদের প্রলোভনে ওই নারীরা পাঁচ বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের পুনে রাজ্যে যান। সেখানে বিভিন্ন বাড়িতে কাজ করার সময় পুলিশের হাতে আটক হয় তারা। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয় এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুনে রাজ্য কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে।
ওসি আরও বলেন, দীর্ঘদিন কারাভোগের পর দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের নিজস্ব আশ্রয়কেন্দ্রে রাখে। পরে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শুক্রবার রাতে তারা দেশে ফেরেন। অভিবাসনের আনুষ্ঠানিকতা শেষ করে ফেরত আসা ১০ নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।