খুলনায় জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলের লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এ সময় লংমার্চিং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা জামায়াত-শিবিরের অন্তত ২০ কর্মী আহত হন।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারীর নাম আব্দুল খালেক (৭০)। সে পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় আবদুল খালেক নিহত হন। এ সময় খুলনা থেকে লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে একটি বাস তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জাত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আবদুল খালেক, জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল ও পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জেল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান জানান, খুলনায় লংমার্চ শেষে ফেরার পথে মির্জাপুর এলাকায় বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে জামায়াত নেতাদের বহনকারী একটি বাস খাদে পড়ে যায়। তাদের অন্তত ২০-২৫ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের সবাই সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।