দেশের পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। বিএনপি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান এনসিপি নেতা।
মঙ্গলবার (৩ নভেম্বর) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ সমালোচনা করেন।
নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনার অভাব নেই, অভাবটা সম্ভবত বাস্তবতার সঙ্গে পরিকল্পনার মিল। নিত্যপণ্যের দাম বাড়ছে, ভুতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগ আসছে, জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ছে। কার্ডেও অনেক গল্প চলছে। ভবিষ্যতে কী বাড়বে, বিএনপি সরকারকে আগেই পরিকল্পনা জানাতে হবে।
এটা কি পরিকল্পনায় ছিল, নাকি পরিকল্পনার বাইরে যাচ্ছে? আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, অমীমাংসিত জ্বালানি সংকট, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য ও মন্ত্রীদের সমালোচনা করায় ৩০ জন নাগরিককে গ্রেপ্তার, মিরাজ শেখের গুম এবং গুমের স্বাধীন তদন্তকে প্রশ্নবিদ্ধ করা, এগুলোও কি পরিকল্পনার অংশ?

জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য প্রচার করা এবং এখন সেই ভোটের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা, এটিও কি পরিকল্পনার অংশ ছিল? গণভোটে প্রায় ৭০ শতাংশ ‘হ্যাঁ’ ভোটের রায়ের বাস্তবায়ন কোথায়?
তত্ত্বাবধায়ক সরকার কি জনগণের সম্মতির ভিত্তিতে গড়ে উঠবে, নাকি নিজেদের সুবিধামত পদক্ষেপ নেওয়া হবে?
র্যাব বিলুপ্তির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এসআরবির লোগো পরিবর্তন! বাহিনীকে যদি সংস্কারের নাম দেওয়া হয়, তাহলে পুরনো ব্যবস্থাকে নতুনভাবে ফিরিয়ে আনার নাম কী? প্রতিশ্রুতি দিয়ে সংস্কার, না দ্বিচারিতা?
পরিকল্পনা শুনে জনগণের এখন একটাই প্রশ্ন, পরিকল্পনা অনুযায়ী দেশ চলছে, নাকি পরিকল্পনা দেশের বাস্তবতা থেকে পালিয়ে যাচ্ছে?’