রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৯ জন গ্রেফতার হয়েছেন। একই সময়ে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৪৬ জন, ওয়ারী বিভাগ ৬৬ জন, মতিঝিল বিভাগ ৫১ জন, তেজগাঁও বিভাগ ৭৫ জন, মিরপুর বিভাগ ১৫২ জন, গুলশান বিভাগ ৬৯ জন, উত্তরা বিভাগ ৫৬ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে ২টি বিস্ফোরিত ককটেলের অংশ, ২ লিটার পেট্রোল, ২৯ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১২৮ পিস ইয়াবা, ১৯ বোতল ফেন্সিডিল, ৮টি মোবাইল ফোন, নগদ ৩৬ হাজার ৩৮০ টাকা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।