সাংগঠনিক শৃঙ্খলার গুরুতর লঙ্ঘনের অভিযোগে মৌলভীবাজারের দুই নেতাকে বহিষ্কার করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)।
বহিষ্কৃত দুই নেতা হলেন—এনসিপির মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া এবং জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদ।
গত রাতে দলের আনুষ্ঠানিক ফেসবুক পেজে প্রকাশিত পৃথক দুটি বিবৃতির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন দলের অফিস সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা।
বিবৃতিতে বলা হয়, এহসান জাকারিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ ও দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।
এনসিপি জানায়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশনায় সংবিধান ও শৃঙ্খলা বিধি অনুসরণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্য এক বিবৃতিতে তামিম আহমেদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘনের গুরুতর অভিযোগের কথা তুলে ধরে এনসিপি। অভিযোগের গুরুত্ব এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাকে সব ধরনের দলীয় কার্যক্রম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দলটি।
পাশাপাশি, দলের কোনো কার্যক্রমে অংশ না নেওয়ার জন্য তামিম আহমেদকে নির্দেশ দেওয়া হয়েছে।
এনসিপি জানিয়েছে, দুই নেতার বিরুদ্ধে নেওয়া পৃথক সাংগঠনিক সিদ্ধান্তই তাৎক্ষণিকভাবে কার্যকর।