বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বুধবার সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান।
তিনি প্রধান অতিথি হিসেবে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হন।
তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট আহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেন।
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে আয়োজিত এই সম্মেলনটি “বাংলাদেশে সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি 2.0 এবং তুরস্ক-বাংলাদেশ সহযোগিতার নতুন দিগন্ত” থিমের অধীনে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ, তুরস্ক ও অন্যান্য দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
তুরস্কে সম্মেলনে যোগদানের পর শফিকুর রহমান ওমরাহ পালন করতে সৌদি আরব যাবেন।
১১ অক্টোবর সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।