ময়মনসিংহের ভালুকায় সরকার ও বিএনপি নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সাথী আক্তার নামে এক নারীকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
রোববার (২৫ অক্টোবর) রাতে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকায় সাথী বিউটি পার্লারের মালিক সাথী আক্তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাথী আক্তারের বিরুদ্ধে রোববার বিকেলে তার ফেসবুক অ্যাকাউন্টে সরকার ও বিএনপি নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় অভিযোগ করা হয়। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নজরে আসলে এলাকায় উত্তেজনা দেখা দেয়।
পরে স্থানীয় লোকজন ও রাজনৈতিক দলের নেতারা সাথী আক্তারের প্রতিষ্ঠানে গিয়ে তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, সরকার ও বিএনপি নেতাদের কটূক্তির অভিযোগে স্থানীয় লোকজন ওই নারীকে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।