ইতালির সংসদের নিম্নকক্ষের কম্পিউটার সিস্টেমে সম্প্রতি সাইবার হামলা হয়েছে। দেশটির বার্তা সংস্থা আনসা মঙ্গলবার (২৯ অক্টোবর) জানিয়েছে যে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ কয়েকজন আইনপ্রণেতার ইমেল অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলায় নিম্নকক্ষের পুরো কম্পিউটার সিস্টেম ক্ষতিগ্রস্ত হলেও প্রযুক্তিবিদরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র, পালাজ্জো চিগি জানিয়েছে, যে ইমেল অ্যাকাউন্টে হামলা হয়েছে সেটি মেলোনি অফিসিয়াল কাজে ব্যবহার করেননি।
পার্লামেন্টের নিম্নকক্ষের সূত্রগুলো বলছে, এ ঘটনাকে নিরাপত্তা জরুরি হিসেবে বিবেচনা করা হচ্ছে না। এ ধরনের সাইবার হামলা প্রায় প্রতিদিনই ঘটছে। জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সির সাথে সমন্বয় করে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে, কম্পিউটার সিস্টেমের কিছু ফাংশন সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে, যা স্বাভাবিক নিরাপত্তা পদ্ধতির অংশ।
সূত্র আরও জানায়, সম্প্রতি আইটি সিস্টেমের ওপর এ ধরনের হামলা ও চাপ বেড়েছে বলে মনে হচ্ছে। ইতালি ছাড়াও ইউরোপীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোও একই ধরনের হামলার সম্মুখীন হচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি