ঢাকা-আরিচা মহাসড়কের নাড়িগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নারিগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
এদিকে দুর্ঘটনার পর সেলফি পরিবহন বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে মহাসড়কে যান চলাচল শুরু হয়।
নিহতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মো. একই গ্রামের সাহানের ছেলে ইয়াসিন (২২) ও মোজাহারের ছেলে বাবলু (২৮)। আহত অটোরিকশা চালকের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকা যাচ্ছিল। একই সময়ে ঘিওর উপজেলার মৌহালী গ্রাম থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নারিগাইল হাটে যাচ্ছিল। নড়াগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত অপর যাত্রীকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান। এ ঘটনায় অটোরিকশা চালকও গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
দুর্ঘটনার পর এলাকাবাসী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সেলফি পরিবহন বন্ধের দাবি জানায়। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কের দুই পাশে দুইশ থেকে তিনশ যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে প্রায় ৩ ঘণ্টা মহাসড়ক বন্ধ রেখে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।