বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ড.শফিকুর রহমান বলেছেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি পরিষ্কার বলছি, মেনে নিন। না হলে এদেশের মানুষ দাবী করতে জানে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বাগেরহাটের কাটাখালীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগ অভিমুখে লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, এদেশের মানুষ ২৪ বছরে প্রমাণ করেছে কোনো গুলি, বন্দুক বা কামান দিয়ে আমাদের দমন করা যায় না। এদেশের মানুষ স্বাধীনতার পথ চিনেছে।

সরকারকে সতর্ক করে তিনি বলেন, গণভোটের রায় কার্যকর করতে হবে। জনগণের রায় উপেক্ষা করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার অপচেষ্টা মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, কানেক্টিভিটির নামে বাংলাদেশকে অন্য কোনো দেশের কাছে লিজ দেওয়া যাবে না। দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিমসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাইয়ের জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার, জুলাইয়ের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমনসহ সাত দফা দাবি নিয়ে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ করেছে ১১টি দল।