গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের ধাক্কায় বাবা ও তার ৬ বছরের মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গাড়াখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার (৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাইফুল ইসলাম রঞ্জু তার মেয়েকে নিয়ে একটি অটোভ্যানে মুকসুদপুর সদর থেকে কাশিয়ানী যাচ্ছিলেন। পথে গোপালগঞ্জগামী একটি মাছবাহী পিকআপ অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানে থাকা বাবা ও মেয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনার সঙ্গে জড়িত পিকআপটিকে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।