বরগুনার পাথরঘাটায় মাগরিবের নামাজের ইমামতি করতে গিয়ে শামীম হাওলাদার (৪০) মারা গেছেন। প্রার্থনারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ার এ ঘটনায় পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গ্রামে এ মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটে। শনিবার (২৪ অক্টোবর) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাড়ির সামনের মসজিদে মাগরিবের জামাতের ইমামতি করছিলেন শামীম হাওলাদার। সিজদা বা রাকাতের সময় হঠাৎ অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। ধার্মিক হিসেবে এলাকায় তার সুনাম ছিল।
নিহত শামীম হাওলাদা পেশায় একজন সাধারণ অটোরিকশা চালক ছিলেন। প্রতিদিন অটোরিকশা চালিয়ে যে আয় হয় তা দিয়ে পাঁচ সন্তান ও স্ত্রী দিয়ে তার সংসার চলে। তার তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে দুই মেয়ে পবিত্র কোরআনের হাফেজা। এই আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার এখন চরম অনিশ্চয়তা ও শোকের সাগরে ভাসছে।