চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তওহিদুল ইসলাম বুখারী (৩৬) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ট্যুরিস্ট ভিসায় ভারতে প্রবেশ করতে ইমিগ্রেশন চেকপোস্টে গেলে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তাকে আটক করা হয়।
আটক তওহিদুল ইসলাম বুখারী টাঙ্গাইল সদর উপজেলার আদি টাঙ্গাইল গ্রামের বাসিন্দা। তিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য। তার বিরুদ্ধে অভিবাসন নিষেধাজ্ঞা রয়েছে বলে জানা গেছে।
অভিবাসন সূত্র জানায়, তার কাগজপত্র যাচাই-বাছাইকালে তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এরপর তাকে গ্রেফতার করা হয়।
দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তুহিন জানান, আটক বুখারীকে দর্শনা থানার হেফাজতে রাখা হয়েছে। পরে তাকে টাঙ্গাইল জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার ওসি নজরুল ইসলাম বলেন, তাওহিদুলের বিরুদ্ধে টাঙ্গাইল থানায় নাশকতার মামলা রয়েছে। তবে কেন তিনি ভারতে যাচ্ছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যে তাকে নিতে টাঙ্গাইল থেকে রওনা হয়েছেন।