ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সরকারি প্রার্থীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দেওয়ার অভিযোগে ৯ সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম তাদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ব্যাংক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই ভোটগ্রহণ কর্মকর্তারা নির্দিষ্ট কিছু দলের পক্ষে প্রচারণা ও পক্ষপাতিত্বের লিখিত ও মৌখিক অভিযোগ পেয়ে তাদের প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়।
৯ জন কর্মকর্তা প্রত্যাহার ও তাদের কেন্দ্রঃ মাসুদ রানা – সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, জয়নাল আবেদীন — ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্র, জুলফিকার আলী — ঠাকুরগাঁও রোড বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ফরিদা ইয়াসমিন — গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সাদেকুল ইসলাম — সালন্দর পাঁচপীর ডাঙ্গা স্বাধীন এবতেদওয়াই মাদ্রাসা কেন্দ্র, মোহাম্মদ আলী জিন্নাহ — সিংহিয়া মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ওবায়দুর রহমান — দৌলতপুর সোলেমান খান বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র, শাহাদুল ইসলাম — বালাপাড়া দ্বৈত উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও আব্দুল জব্বার —বড়গ্রাম আলিম মাদ্রাসা কেন্দ্র
জেলা রিটার্নিং অফিসার কামরুল ইসলাম জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী অপরাধের অভিযোগ ওঠার পরপরই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। শূন্য পদে নতুন কর্মকর্তা নিয়োগ করে কেন্দ্রে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের এই উপনির্বাচনে একযোগে ভোটগ্রহণ শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৯) সকাল ৮টা থেকে। ভোটের আগের রাতে একসঙ্গে এত কর্মকর্তাকে প্রত্যাহার করায় স্থানীয় নির্বাচনী মাঠ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।