মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে আধুনিক যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে মানিকগঞ্জ জেলার প্রতিটি টেকসই অবকাঠামো ও সড়ক যোগাযোগ ব্যবস্থার পর্যায়ক্রমে উন্নয়ন নিশ্চিত করার ঘোষণা দিয়ে তিনি এ মন্তব্য করেন।
এর আগে শনিবার (২৪ অক্টোবর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের সামনে ফলক উন্মোচন করে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে আধুনিক যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই। নির্বাচনের সময় আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়ন শুরু করেছি। জেলার সকল সড়কের টেকসই উন্নয়ন পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে, যাতে কোনো এলাকার মানুষ যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত না হয়।
তিনি বলেন, চলমান এসব উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। স্থানীয় জনগণের জন্য কৃষি পণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহজতর হবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ স্থায়ীভাবে লাঘব হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অর্থায়ন ও তত্ত্বাবধানে এ প্রকল্পের আওতায় মোট ৪ হাজার ১৮০ মিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে তারা থেকে গিল্যান্ড বাজার পর্যন্ত 1,700 মিটার এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদ থেকে চান্দাহার বাজার পর্যন্ত 1,480 মিটারে আধুনিক ও টেকসই ইউনি ব্লক স্থাপন।