খুলনায় এজাক্স জুট মিলের মালামাল চুরি করতে গিয়ে সম্রাট ঢালী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সম্রাট নগরের দৌলতপুর সেনপাড়া বউবাজার এলাকার কানাই ঢালীর ছেলে। ঘটনার সময় তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যায়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল ৯টার দিকে সম্রাট ঢালীর সঙ্গে আরও দুই যুবক খানজাহান আলী থানার মিরেরডাঙ্গা এজাক্স জুটমিলে চুরি করতে প্রবেশ করে। ঘটনাটি সেখানে উপস্থিত কয়েকজন নিরাপত্তারক্ষীর নজরে পড়ে। পরে তাদের তিনজনকে ধাওয়া করে। ঘটনাস্থল থেকে দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও সম্রাট মিলের ছাদ থেকে লাফ দেন। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
নগরীর খানজাহান আলী থানার ওসি আবুল বাসার জানান, সকালে সম্রাটসহ আরও দুইজন মিলে যন্ত্রপাতি চুরি করতে ঢুকে পড়ে। মিলের নিরাপত্তারক্ষীদের উপস্থিতি টের পেয়ে দু’জন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন সম্রাট। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে থানায় একটি চুরিসহ আরও মামলা রয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
