খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে রাকিবুল ইসলাম (২৪) নামে এক ভাড়াটিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় বাড়িওয়ালা মজলিশ খানকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া শতরূপা মোড়ের বকুল বাগান এলাকায় ভাড়া নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িওয়ালা মজলিস খান ও ভাড়াটিয়া রকিবুল ইসলামের মধ্যে ভাড়া নিয়ে বিরোধের সময় রাকিবুল লাঠির আঘাতে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ভাড়া নিয়ে বাড়িওয়ালা মজলিস খান ও ভাড়াটিয়া রকিবুল ইসলামের মধ্যে বিরোধের সময় রকিবুল লাঠির আঘাতে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাড়িওয়ালা মজলিশ খানকে আটক করা হয়েছে।