দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানির মূল্যবৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, খুন, চাঁদাবাজি ও লুটপাটের প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় দলটির নেতা হাসনাত আবদুল্লাহ এ কর্মসূচি ঘোষণা করেন।
হাসনাত আবদুল্লাহ এক ভিডিও বার্তায় বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিরাপত্তাহীনতা ও আইনের শাসনের অভাবসহ নানা সমস্যা দেখা দিয়েছে। এছাড়া খুন, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এসব ঘটনার প্রতিবাদ করে তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
হাসনাত আবদুল্লাহ প্রতিবাদ সমাবেশে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।