হ্যালোইন ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা, নিহত অন্তত ২৪

1793614557223098 1793614557223098
1793614557223098

হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যাপক সহিংসতা ও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৪ জন। ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়ার পর্যন্ত বিভিন্ন স্থানে নৈশক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়াম ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে এসব গুলিবর্ষণের ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে দেশটির বিভিন্ন এলাকায় একাধিক বন্দুক হামলার ঘটনা ঘটে। নিউইয়র্ক টাইমস, এনবিসি ও বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য এবং পুলিশের বিভিন্ন বিবৃতির ভিত্তিতে হতাহতদের এই সংখ্যা পাওয়া গেছে।

ডালাসে এক রাতেই চারজন নিহত

টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত ডিপ এলাম এলাকায় তিনটি পৃথক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) ভোরে এসব হামলায় চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

ডালাস পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, প্রথম গুলিবর্ষণের ঘটনা ঘটে এলম স্ট্রিটের ২৬০০ ব্লকে রাত ১২টা ২০ মিনিটে। দ্বিতীয় ঘটনা ঘটে মেইন স্ট্রিটের ২৬০০ ব্লকে রাত ১টা ৫ মিনিটে। এরপর রাত ১টা ৩৫ মিনিটে সাউথ ক্রাউডাস স্ট্রিটের ২০০ ব্লকে তৃতীয়বার গুলি চালানো হয়।

তিনটি ঘটনায় মোট ১৯ জন গুলিবিদ্ধ হন। আহতদের কয়েকজনকে জরুরি চিকিৎসাকর্মীরা হাসপাতালে নিয়ে যান। অন্যরা নিজেরাই হাসপাতালে পৌঁছান।

ডিপ এলাম এলাকায় অসংখ্য বার, রেস্তোরাঁ, নাইটক্লাব ও সংগীত পরিবেশনার স্থান রয়েছে। হ্যালোইন উপলক্ষে শনিবার রাতে সেখানে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়েছিল।

ডালাসের পুলিশপ্রধান ড্যানিয়েল কোমো জানান, উৎসব উপলক্ষে আগেই অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। ফলে গুলির খবর পাওয়ার পর কাছাকাছি থাকা পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হন। হামলায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

ফ্লোরিডা ও মিসিসিপিতে প্রাণহানি

ফ্লোরিডার জ্যাকসনভিলে দুটি পৃথক গুলির ঘটনায় ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এতে দুজন নিহত হয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে কয়েকজন অনিচ্ছাকৃতভাবে গুলির লক্ষ্যবস্তুতে পরিণত হন।

জ্যাকসনভিলের আরেকটি স্থানে রোববার রাত ৩টা ৪৫ মিনিটের দিকে শতাধিক মানুষের অংশগ্রহণে একটি পার্টি চলছিল। একপর্যায়ে পার্টি রাস্তায় ছড়িয়ে পড়লে গুলির ঘটনা ঘটে। এতে ১০ জন গুলিবিদ্ধ হন। নিহত হন ২০ বছর বয়সী এক তরুণ। আহত ১৫ বছর বয়সী এক কিশোরীর অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে মিসিসিপির জ্যাকসন শহরের একটি নৈশক্লাবে গুলিবর্ষণে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

পোশাকের দোকানে গুলিতে অন্তঃসত্ত্বা নারী নিহত

নর্থ ক্যালিফোর্নিয়ার একটি পোশাকের দোকানে বন্দুকধারীর গুলিতে চার সন্তানের জননী এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই কিশোরের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে ওকলাহোমা সিটিতে হ্যালোইন পার্টি চলাকালে একটি ট্রেলার পার্কে গোলযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একজনের পায়ে একাধিক গুলি লাগে। চিকিৎসকদের ধারণা, তিনি বেঁচে যাবেন।

ওকলাহোমা সিটি পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে দুজন গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

বিশ্ববিদ্যালয় এলাকায়ও গুলিবর্ষণ

হ্যালোইন উৎসব ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশেও একাধিক গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুই ডজনের বেশি মানুষ গুলিবিদ্ধ হয়েছেন।

আলাবামার বার্মিংহামে লেজিয়ন ফিল্ড স্টেডিয়ামের বাইরে গুলিবর্ষণে একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। এর আগে স্টেডিয়ামে আলাবামা এঅ্যান্ডএম ও আলাবামা স্টেটের মধ্যে ‘ম্যাজিক সিটি ক্লাসিক’ নামে পরিচিত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

এ ছাড়া ইলিনয়ের ব্লুমিংটনে ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে গুলিবিদ্ধ আটজনকে উদ্ধার করেন পুলিশ কর্মকর্তারা। ঘটনাস্থলেই ১৯ বছর বয়সী এক তরুণীকে মৃত ঘোষণা করা হয়। আহত অন্য সাতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ইন্ডিয়ানার ব্লুমিংটনেও ইন্ডিয়ানা ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে গুলির শব্দ শুনতে পান পুলিশ সদস্যরা। ওই এলাকায় হ্যালোইনের পাশাপাশি হোমকামিং উৎসব চলছিল।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, শহরের কেন্দ্রীয় এলাকায় একাধিক ব্যক্তি গুলির আঘাতে আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সাতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আগ্নেয়াস্ত্র হাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে ওই ব্যক্তি গুলি চালিয়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ডেলাওয়ার ও আরকানসাসেও হামলা

ডেলাওয়ার অঙ্গরাজ্যের নিউয়ার্ক শহরে ইউনিভার্সিটি অব ডেলাওয়ারের কাছেও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।

এ ছাড়া আরকানসাসের ফায়েটভিলে গুলিবর্ষণে ছয়জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি বিরোধের জেরে সেখানে গুলির ঘটনা ঘটে।

হ্যালোইনে সহিংসতা ঠেকানো কঠিন কেন?

হ্যালোইন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় উৎসব। প্রতিবছর ৩১ অক্টোবর মানুষ বিচিত্র পোশাক ও মুখোশ পরে রাস্তায় বের হন। বিভিন্ন স্থানে পার্টি, কনসার্ট ও নানা আয়োজন করা হয়। এসব আয়োজনে বিপুল মানুষের সমাগম ঘটে।

বিশেষজ্ঞদের মতে, উৎসবের সময় মদ্যপান ও মাদক গ্রহণের প্রবণতা এবং আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা একসঙ্গে সহিংসতার ঝুঁকি বাড়াতে পারে।

বন্দুক সহিংসতা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, বড় জনসমাগমের প্রতিটি স্থানে পুলিশ মোতায়েন করা সম্ভব নয়।

বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ব্যুরো অব জাস্টিস স্ট্যাটিস্টিকসের সাবেক পরিচালক ও ইউনিভার্সিটি অব মায়ামির অপরাধবিজ্ঞানী অ্যালেক্সিস পিকেরো বলেন, ‘পুলিশ প্রতিটি বারে থাকতে পারে না। প্রতিটি গাড়ি পার্কিংয়ের জায়গাতেও থাকতে পারে না।’

এদিকে বিভিন্ন অঙ্গরাজ্যে হামলার উদ্দেশ্য, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং ঘটনাগুলোর পারস্পরিক যোগসূত্র নিয়ে তদন্ত চলছে। উৎসবের সময় দেশজুড়ে এমন প্রাণঘাতী বন্দুক সহিংসতা যুক্তরাষ্ট্রে জননিরাপত্তা ও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com