স্বামীর ভালো চাকরি ও মানসিক শান্তি কামনা করে সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি দিয়েছেন এক নারী। বেনামী চিঠিতে স্ত্রী তার স্বামীর চাকরির পাশাপাশি মানসিক শান্তি কামনা করেছেন।
শনিবার (২৪ অক্টোবর) সকালে পঞ্চমবারের মতো প্রকাশ্যে মাজারের দানবাক্স ও ডেকচি গণনা করা হয়। এসময় টাকা ও বৈদেশিক মুদ্রা ছাড়াও ভক্তদের লেখা বিভিন্ন চিঠি পাওয়া যায়। এসব চিঠিতে অনেকেই তাদের ব্যক্তিগত কষ্ট, দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
এর মধ্যে একজন নারীর চিঠিতে তার স্বামীর চাকরির আকাঙ্ক্ষা এবং মানসিক শান্তির কথা প্রকাশ পেয়েছে। চিঠিতে তিনি লিখেছেন, ‘হে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, আমার আহলকে (স্বামী) একটি ভালো চাকরি দিন এবং তাকে মানসিক শান্তি দিন।’
চিঠিতে ওই নারী তার নাম বা ঠিকানা উল্লেখ করেননি। স্বামীর পরিচয় বা চাকরি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে গঠিত কমিটির বৈঠকে অনুদানের অর্থ ব্যবহারের সিদ্ধান্ত হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বাধীন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অনুদানের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ দৈনিক খরচ ও কর্মচারীদের বেতন পরিশোধে ব্যবহার করা হবে।