দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানির মূল্যবৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, খুন, চাঁদাবাজি ও লুটপাটের প্রতিবাদে শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফেসবুকে এক ভিডিও বার্তায় হাসনাত আবদুল্লাহ এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘বর্তমানে আমরা এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি যেখানে আমাদের মন খারাপ করার কোনো অধিকার নেই। কেউ মন খারাপ করলেও, বাড়ি থেকে তুলে নিয়ে গেলেও এমন ঘটনা ঘটছে বারবার। জনগণের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি তেলের দাম কয়েক দফা বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও নাগরিক জীবনের বর্তমান পরিস্থিতি, নিরাপত্তাহীনতা ও আইনের শাসনের অনুপস্থিতি, ক্রমাগত হত্যা, চাঁদাবাজি, লুটপাট, রাজপথে ভীতির সংস্কৃতি নতুন করে তৈরি হয়েছে- আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় শাহবাগ ও ঢাকা মহানগর উত্তর মহানগর দক্ষিণের উদ্যোগে আমরা বিক্ষোভ সমাবেশ করব। নাগরিক পার্টি। আমরা সমাবেশ করছি। সেখানে আপনাদের উপস্থিতি কাম্য।’
তিনি আরও বলেন, ‘সুশাসন, সুস্থ-সুন্দর সমাজের জন্য আমরা এই লড়াই চালিয়ে যাব। সেই লড়াইয়ে আমরা আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চাই। আগামীকাল ঠিক বিকাল ৩টায় শাহবাগ জাদুঘরের সামনে।’