গাজীপুরের কাশিমপুরের সারদাগাং এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে তাদের ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (জরুরি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, পাঁচজনের মধ্যে পরিবারের প্রধান রিয়াজুল শেখের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া আরিফা বেগম নামের এক ব্যক্তির শরীরের ৫ শতাংশ, ১৭ বছর বয়সী ফারিয়া ৮ শতাংশ, ১৮ বছরের রোজিনা নামে ১ শতাংশ এবং ১ বছরের শিশু মো: রহিমের শরীরের ১ শতাংশেরও কম পুড়ে গেছে। দগ্ধ সকলকে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।