আইনশৃঙ্খলা বাহিনীকে কোনোভাবেই ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করা যাবে না। তাদের দেশের স্বার্থে ও জনগণের কল্যাণে ব্যবহার করা উচিত বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, গত ১৭ বছর ধরে পুলিশ বিভাগ একইভাবে চলছে। এখন নির্বাচিত সরকার জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করবে। কেউ যেন ব্যক্তিগতভাবে এই শক্তি ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) লক্ষ্মীপুর জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, “এটা দেশের জন্য ব্যবহার করতে হবে, জনগণের জন্য ব্যবহার করতে হবে। এটা নির্বাচিত সরকারের বড় দায়িত্ব। কারণ, নির্বাচিত সরকারের জবাবদিহিতা আছে।”
বিগত সরকারের সমালোচনা করে পানিসম্পদমন্ত্রী বলেন, সে সময় সরকারের কোনো জবাবদিহিতা ছিল না। যখন প্রয়োজন মনে করা হয়েছে, তখন করা হয়েছে। এতে স্বর্ণ ব্যবসায়ী, অন্য ব্যবসায়ী বা সাধারণ মানুষ লাভবান হয়নি।
তিনি আরও বলেন, ভোটাধিকারকে প্রাধান্য দিতে তাদের আন্দোলন করতে হয়েছে। গণতন্ত্রের ভিত্তি যত মজবুত হবে, ব্যবসায়ী ও ব্যবসায়ীদের অবস্থান তত মজবুত হবে।
ব্যবসার উন্নয়নে দেশপ্রেম ও দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করে এ্যানি বলেন, শুধু সরকারকে দেশপ্রেমিক হলেই হবে না, সবাইকে দেশপ্রেমিক হতে হবে এবং দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
তিনি বলেন, স্বর্ণ ব্যবসার মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে। তবে এ জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা জরুরি। প্রতিটি ব্যবসা আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভরশীল। তাই আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে।
বাজুস কেন্দ্রীয় কমিটির সভাপতি এনামুল হক খানের সভাপতিত্বে ও লক্ষ্মীপুর জেলা বাজুসের চেয়ারম্যান সমীর কর্মকার অনুষ্ঠান পরিচালনা করেন।
বাজুস স্থায়ী কমিটির জেলা মনিটরিং সহ-সভাপতি আজাদ আহমেদ, বাজুস ইনস্টিটিউটের চেয়ারম্যান আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ আরও অনেকে।
