জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত ২১৫ কেজি কালো বেলেপাথরের খণ্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় শ্রী কৃষ্ণ (৩৪) নামে একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত পাথরের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, একটি সংঘবদ্ধ চোরাকারবারী চক্র ভারতে পাচারের জন্য পাথর মজুত করেছে। এমন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময় কৃষ্ণকে পাথরের টুকরোসহ আটক করা হয়। আটক কৃষ্ণ খামারপাড়া গ্রামের বাসিন্দা মো.
বিজিবি আরো জানায়, উদ্ধার করা পাথরের ওজন ডিজিটাল স্কেলে পরিমাপ করে ২১৫ কেজি পাওয়া গেছে। পাথরটির আনুমানিক মূল্য ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা। আটক ব্যক্তিকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে এবং বালু পাথরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বুদ্ধ বিহারে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এর আগে গত রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের খামারপাড়া গ্রামে বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে পাথরটি উদ্ধার করা হয়।