১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চীনা নাগরিকসহ ৪ জন রিমান্ডে

D5872fb4670078499fe7bc599a3b5e49 5ac3a100a4c48 D5872fb4670078499fe7bc599a3b5e49 5ac3a100a4c48
D5872fb4670078499fe7bc599a3b5e49 5ac3a100a4c48

অনলাইন ট্রেডিং ও ব্লক ট্রেড শেয়ারে বিনিয়োগের বিপরীতে আকর্ষণীয় লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় চার আসামির তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেওয়া আসামিদের মধ্যে দুজন চীনা নাগরিক।

শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

প্রসিকিউশন বিভাগের এসআই এসআই মহিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন— রুহুল আমিন বিশ্বাস (২৬), শেখ সানজিদা মনসুর সিথি (২৩), চীনা নাগরিক চ্যান লং জি (৩৬) ও ওয়াং শিওয়েই (৩৫)। গত ২২ অক্টোবর রাজধানীর আদাবর ও বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহার বলা হয়, বাদী মো. আবু ছাদেকের হোয়াটসঅ্যাপে অনলাইনে শেয়ারবাজারে বিনিয়োগের মাধ্যমে লাভজনক ব্যবসার প্রস্তাব দেওয়া হয়। পরে তাকে cehbrachty.com ও brachnw.com ওয়েবসাইটে প্রবেশ করে বিভিন্ন প্যাকেজ এবং ব্লক ট্রেড শেয়ারে বিনিয়োগের বিষয়ে বুঝিয়ে বলা হয়। বিনিয়োগের বিপরীতে প্রতিদিন আকর্ষণীয় মুনাফার আশ্বাস দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত বাদী তার ব্যবসাপ্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাব থেকে আসামিদের দেওয়া একাধিক ব্যাংক হিসাবে টাকা পাঠান। বিভিন্ন সময়ে মোট ১১ কোটি টাকা দেওয়ার কথা উল্লেখ করেছেন তিনি। বিশ্বাস অর্জনের জন্য তাকে ১০ লাখ টাকা লভ্যাংশও দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে পরবর্তী সময়ে বিনিয়োগের অর্থ ও লভ্যাংশ তুলতে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। একপর্যায়ে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে গত ৫ মে থানায় মামলা করেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার তদন্তে ফাতিন মাহদী নামের এক ব্যক্তির সিটি ব্যাংকের বসুন্ধরা শাখার হিসাবের তথ্য পাওয়া যায়। ওই হিসাবধারীকে জিজ্ঞাসাবাদে রুহুল আমিন বিশ্বাসের সঙ্গে তার পরিচয় ও ব্যাংক হিসাবের তথ্য আদান-প্রদানের বিষয়টি উঠে আসে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের দাবি, রুহুল আমিন ও শেখ সানজিদা মনসুর সিথি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ব্যাংক হিসাব ও সংশ্লিষ্ট ই-মেইলের প্রবেশাধিকার সংগ্রহ করে তা চীনা নাগরিক চ্যান লং জি ও ওয়াং শিওয়েইয়ের কাছে দিতেন। এসব হিসাব ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। তদন্ত প্রতিবেদনে একটি হিসাবসহ বিভিন্ন ব্যাংক হিসাবে মোট ৮ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকা লেনদেনের তথ্য উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ২ কোটি ৭ লাখ ৫২ হাজার টাকা অন্যান্য অ্যাকাউন্টে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে একাধিক স্মার্টফোন, আইফোন, একটি ল্যাপটপ ও একটি চীনা পাসপোর্ট জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ওয়ারী) উপপরিদর্শক মৃত্যুঞ্জয় পণ্ডিত মিঠুনের আবেদনে বলা হয়, প্রতারণায় ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলোর পাসওয়ার্ড উদ্ধার, ব্যাংক হিসাবের লেনদেন বিশ্লেষণ, অর্থের প্রবাহ শনাক্ত, আত্মসাৎ করা টাকা উদ্ধার এবং পলাতক সহযোগীদের গ্রেফতারে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এসব যুক্তিতে তাঁদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়।

শুনানি শেষে আদালত চার আসামির তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh