সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সৌদি আরবের রিয়াদ ও মদিনা অঞ্চলে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চারটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর), জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, রিয়াদ ও মদিনা এলাকায় ড্রোনগুলো শনাক্ত, আটকানো এবং ধ্বংস করা হয়েছে। খবর আলজাজিরার।
গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। ওই মাসে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের রাজধানী সানায় একটি বিমানকে অবতরণ করতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। জানা গেছে, হুথি নেতারা ওই বিমানে ইরান থেকে ফিরছিলেন। এ ঘটনার পর সৌদি আরবে হামলা চালায় হুতিরা। তাদের লক্ষ্য ছিল দেশের বিমানবন্দর এবং তেল শোধনাগার।
অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোট রাজধানী সানা থেকে হুথিদের সরাতে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে নতুন অভিযান শুরু করেছে। ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সংঘাত চলছে।
সৌদি আরব দাবি করেছে, হুথিরা মক্কা ও মদিনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। তবে, হুথিরা এই অভিযোগকে ‘ঘৃণ্য মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।
এদিকে, হুথিরা সৌদি আরবের আকাশসীমায় বিমান চলাচলেরও হুমকি দিয়েছে। তাদের দাবি, মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের অন্য কোথাও প্লেন চালানো যাবে না। এর মধ্যে বুধবার দাম্মাম বিমানবন্দরে হামলায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
