শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নে প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার শ্রীবরদী থেকে শেরপুর সড়কের কুড়িকাহনিয়া বাজার সংলগ্ন ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ লাশ শনাক্ত করতে কাজ করছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কুড়িকাহনিয়া বাজারের ব্রিজের নিচে পানিতে নীল রঙের একটি বড় প্লাস্টিকের ড্রামে এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকের ড্রাম থেকে লাশ উদ্ধার করে। তবে লাশ শনাক্ত করা যায়নি। লাশের চোখ, গলাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম জানান, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ লাশ শনাক্তের কাজ করছে এবং ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হবে।