বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থল জিয়া উদ্যানে জড়ো হয় নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়, মহানগর ও সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা প্রিয় নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করতে সেখানে আসেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে জিয়া উদ্যান এলাকায় যুবদলের নেতাকর্মীদের উপস্থিতি বেড়ে যায়। এ সময় যুবদলের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন।
এ সময় তাদের ‘তারিক রহমানের জন্য ধন্য বাংলাদেশ’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘জিয়া আজ তোমায় মনে পড়ে’, ‘জিয়ার সৈন্যরা এক হও, লড়াই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এতে যুবদলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা অংশ নেবেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের দিন। যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র, মানবাধিকার ও জাতীয়তাবাদী রাজনীতির জন্য কাজ করে যাচ্ছে। তারিক রহমানের নেতৃত্বে যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। দেশের মানুষের প্রত্যাশা পূরণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে।
যুবদল কেন্দ্রীয় কমিটির যোগাযোগ সম্পাদক সাজিদ হাসান বাবু বলেন, যুবদল দীর্ঘদিন ধরে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বার্ষিকী শুধুমাত্র আনন্দের দিন নয়, এটি আমাদের জন্য নতুন শপথ নেওয়ার দিন। জাতীয় নেতা তারিক রহমানের নেতৃত্বে যুব দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে আমরা কাজ করে যাচ্ছি। দেশের মানুষের প্রত্যাশা পূরণে যুবদলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যুবদলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কর্মকাণ্ড বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসা সেবা শুরু হওয়ার কথা রয়েছে।
এছাড়া ২৭ ও ২৮ অক্টোবর সারাদেশে আলোচনা, র্যালি, সমাবেশ, রক্তদান, বিনামূল্যে চিকিৎসা সেবা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে সংগঠনটি। এছাড়াও মাছের পোনা অবমুক্ত ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছেন আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন নুরুল ইসলাম নয়ন।
DS./