পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দুই দিনের বিক্ষোভ, অগ্নিসংযোগ, সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৫টি মামলা দায়ের করা হয়েছে। প্রক্রিয়াধীন রয়েছে আরও ৬ মামলা। গ্রেফতার করা হয়েছে ৬০ জনকে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য জানান।
তিনি জানান, এসব মামলায় অজ্ঞাতপরিচয় প্রায় ১৩ হাজার জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন ৬০ জন। এ ঘটনায় আরও অন্তত ৬টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পোশাক শ্রমিকরা গত রবিবার সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেয় আন্দোলনকারীরা। সোমবারও শ্রমিকরা রাস্তা অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। ধাওয়া-পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটে। পুলিশ গ্রেফতার অভিযানও চালায়।