বগুড়ার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) আনছার আলীর বিরুদ্ধে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ সুপারের নির্দেশে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস আলী জানান, সোমবার রাতে এসআই আনছার আলী কর্মস্থল ছেড়ে পুলিশ লাইন্সে যোগ দেন।
তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, গত শনিবার (২৪ অক্টোবর) ভিকটিমের জবানবন্দি নেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে কথোপকথনের স্ক্রিনশট ও কিছু ভিডিও জমা দিতে চেয়েছিলেন ওই তরুণী। তিনি একাধিকবার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
অভিযোগে বলা হয়, গত বছরের নভেম্বরে স্বামীর বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত করতে ভিকটিমের বাড়িতে যান আনসার আলী। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ ওই তরুণীর।
বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মেয়েটির অভিযোগ, বিয়ের জন্য চাপ দিলে আনছার আলী তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে ৮ অক্টোবর তিনি বগুড়া পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন।