Homeজাতীয়প্রতিবেশীর সঙ্গে বিরোধের...

প্রতিবেশীর সঙ্গে বিরোধের জেরে রাস্তা বন্ধ, বাড়ি ভেঙে লাশ দাফন করে বাসিন্দারা

টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে সড়ক অবরোধের অভিযোগ উঠেছে। সেখানে রাস্তা না থাকায় ঘরের একাংশ ও টিনের বেড়া ভেঙ্গে রাস্তা তৈরি করে আব্দুল সালাম (৬০) নামে এক ব্যক্তির লাশ দাফন করে স্বজন ও এলাকাবাসী।

রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের বিলপালীমা গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুল সালাম কালিহাতী উপজেলার বিলপালীমা গ্রামের একাব্বর আলীর ছেলে। শনিবার রাতে ঘাটাইল উপজেলায় তার মৃত্যু হয়। রাতেই স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে আসেন। রাতে দাফনের প্রস্তুতি নেওয়া হলেও কবরস্থানে যাওয়ার রাস্তা না থাকায় তা সম্ভব হয়নি। পরে সকালে লাশ দাফনের সিদ্ধান্ত হয়।

বিলপালীমা গ্রামের মাতবর মোজাফফর হোসেন বলেন, ‘কবরস্থানে লাশ দাফনের রাস্তা না থাকায় প্রতিবেশীদের রাস্তা ছেড়ে দিতে বলা হয়। কিন্তু তারা তাতে সাড়া দেয়নি।’

নিহত সালামের ভাই পুলিশ সদস্য আবু সাঈদ জানান, রোববার সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা আশ্রয় নিলে বাড়ি থেকে কবরস্থানে লাশ নিয়ে যাওয়ার রাস্তা না থাকায় স্থানীয়রা একজোট হন। পরে তারা চলাচলের জন্য রাস্তার মাঝখানে ঘর ও টিনের বেড়া ভেঙে দেয়।

তিনি আরও বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পরে কবরস্থানে লাশ দাফন করা সম্ভব হয়েছে। শনিবার রাতে তার ভাইয়ের জানাজা হওয়ার কথা ছিল। কিন্তু লাশ নেয়ার কোনো উপায় না থাকায় রোববার বেলা ১১টায় দাফন করতে হয়।

এলাকাবাসী জানান, শত বছরের পুরোনো বিলপলিমা সড়ক নিয়ে প্রতিবেশী একাব্বর আলীর সঙ্গে বিরোধের জেরে বিলপলিমা গ্রামের মোতাহ মাস্টার, কবির, মজিদ ও কাশেমের লোকজন প্রায় দুই বছর ধরে সড়ক অবরোধ করে আসছে।

বাংড়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহজালাল বলেন, প্রতিপক্ষরা রাস্তার মাঝখানে ঘর তৈরি করেছে। বাড়ি থাকায় লাশ নেওয়া সম্ভব হয়নি। পরে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে বাড়িঘর ভেঙে রাস্তা তৈরি করে। এরপর লাশ কবরস্থানে নিয়ে দাফন করা হয়।

কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ঘটনাটি শুনেছি। লাশ দাফন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’