কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুরে পদ্মা নদীতে দুটি স্পিডবোটে অগ্নিসংযোগ ও পরে মাঝ নদীতে ডুবে মারা গেছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, গুলির শব্দ শোনা গেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলদস্যুদের দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।
রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বাহাদুরপুর সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিসেন্দিয়ার ও মাধবপুর সীমান্তবর্তী পদ্মায় জলদস্যুদের চারটি স্পিডবোট চলাচল করতে দেখা যায়। একপর্যায়ে আধিপত্য বিস্তারের জন্য এক পক্ষ অপর পক্ষের দুটি স্পিডবোটকে ধাওয়া করে। ধাওয়া দিলে অপর পক্ষের সদস্যরা নৌকা দুটি নদীর তীরে ফেলে পালিয়ে যায়। পরে প্রতিপক্ষ দল এসে নৌকায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে স্থান ত্যাগ করে।
ঘটনার সময় নদীর ধারে ধান ক্ষেতে কাজ করা কৃষকরা কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। এর কিছুক্ষণ পরেই তারা পদ্মা থেকে আগুনের কুণ্ডলী ও কালো ধোঁয়া উড়তে দেখেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর পর আরেকটি স্পিডবোট এসে ক্ষতিগ্রস্ত নৌকা দুটিকে টেনে নিয়ে মাঝ নদীতে ডুবিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পানের বরজের কৃষক আসলাম হোসেন জানান, মাঠে কাজ করার সময় তিনি গুলির শব্দ শুনতে পান। পরে এগিয়ে গিয়ে দেখি একটি স্পিডবোটে আগুন লেগেছে। স্থানীয়রা আগুন নেভানোর পর আরেকটি স্পিডবোট এসে সেটি ডুবিয়ে দেয়।
ভেড়ামারা থানার ওসি শামীম শেখ বলেন, ঘটনাটি আমরা শুনেছি। তবে বিষয়টি নৌ পুলিশের এখতিয়ারে রয়েছে। তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
পরে স্পীডবোটে আগুনের খবর পান লক্ষ্মীকুন্ড নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তারা এখনো ফেরেনি। ফিরলে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হবে।