যশোরের অভয়নগর উপজেলায় আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন ডিএন টেক্সটাইল রেলগেটের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় এবং চাকায় ছিন্নভিন্ন হয়ে যায় মহিলার দেহ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে ওই মহিলাকে রেললাইনের ওপর বসে থাকতে দেখা যায়। সকাল ৭টা ৫১ মিনিটে খুলনা থেকে যশোরগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি পারাপারের সময় ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডিএন টেক্সটাইল রেলগেটের দায়িত্বে থাকা গেটম্যান পার্শ ইসলাম জানান, ট্রেনের ধাক্কায় মহিলার দেহ 7-8 টুকরো করে রেললাইনের পাশে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। তবে তাৎক্ষণিকভাবে তার নাম ঠিকানা জানা যায়নি।
খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ট্রেনের ধাক্কায় লাশ টুকরো টুকরো হয়ে যাওয়ায় তার মুখ দেখে শনাক্ত করার কোনো উপায় ছিল না। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। জাতীয় পরিচয়পত্র এবং মৃত ব্যক্তির বায়োমেট্রিক তথ্য একত্রিত করে শনাক্তকরণের উদ্দেশ্যে আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
