দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক কলহের জেরে পিটিয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ১নং বেলাইচন্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। এরপরই ওই শিক্ষক অসুস্থ হয়ে মারা যান। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ ঘটনা সম্পর্কে জানতে পারে। ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে শিক্ষকের মৃত্যু মারধরের কারণে নাকি অসুস্থতার কারণে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।