পঞ্চগড়ের বোদা উপজেলা ভূমি অফিসে ঘুষ ছাড়া ভূমি সেবা দেওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, নামজারীসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে সেবাপ্রার্থীদের সরকার নির্ধারিত ফি-এর বাইরে হাজার হাজার টাকা দিতে হচ্ছে। এরই মধ্যে ভূমি অফিসের তিন কর্মচারীর বিরুদ্ধে ঘুষ লেনদেনের কয়েকটি ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি প্রচারিত একটি ভিডিওতে বোদা উপজেলা ভূমি অফিসের ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী আল আমিন লাবু এবং অফিস সহকারী হারুন অর-রশিদকে সেবাপ্রার্থীদের কাছ থেকে টাকা নিতে দেখা গেছে বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া ঘুষ নেওয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা সার্ভেয়ার আবু সোয়েবের বিরুদ্ধেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। বর্তমানে তিনি দেবীগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।
জমির নামকরণের ক্ষেত্রে জমির পরিমাণ ও দলিলের ধরন বিবেচনায় সার্ভেয়ার আবু সোয়েব পাঁচ হাজার টাকা বা তার বেশি ঘুষ দাবি করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, এ টাকা সরাসরি না পেয়ে আল আমিন লাবুর মাধ্যমে নেওয়া হয়েছে।
অন্যদিকে আল আমিন লাবুর বিরুদ্ধে বিভিন্ন কারণ দেখিয়ে সেবাপ্রার্থীদের কাছ থেকে তিন হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া অফিস সহকারী হারুন অর রশিদ শুনানির তারিখ ঠিক করে সিরিয়াল দেওয়ার নামে এক হাজার টাকা নেন বলে ভুক্তভোগীদের অভিযোগ।
ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ, সরকারের নির্ধারিত ফি জমা দেওয়ার পরও বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করা হয়। এতে জমির মালিক ও সেবাপ্রার্থীদের আর্থিক ক্ষতির পাশাপাশি নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়। অনেকেই অভিযোগ করেছেন, প্রয়োজনীয় সেবা পেতে তাদের অতিরিক্ত টাকা দিতে বাধ্য করা হচ্ছে।
নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সাধারণ মানুষকে হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
বোদা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু সোয়েব গণমাধ্যমকে বলেন, আমি সপ্তাহে দুই দিন সেখানে যাই, এসিল্যান্ড কাগজপত্র বাতিল করে, যে সিদ্ধান্ত দেয়, আমি সব কাগজপত্র দেখেছি, সে বিষয়ে প্রতিবেদন দেই। এর বাইরে আমি কিছু জানি না। কেউ যদি আমার নাম বলে কারো কাছ থেকে টাকা নেয়, সেটাই তার ব্যবসা।
এ প্রসঙ্গে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, বোদা উপজেলা ভূমি অফিসের কয়েকজন কর্মচারীর অনিয়মের ভিডিও ও ছবি দেখেছি, এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।