কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ স্থাপনের বোরিং সাইট থেকে গ্যাস নিয়ে টানা দুই দিন ধরে আগুন আসছে। আগুন এখনো নেভানো হয়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন দেখতে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করছেন। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে বাপেক্সের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গত মঙ্গলবার সকালে উখিয়ার ছোট ইনানী সিকদার পাড়া এলাকায় আবদুল্লাহ নামে এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। ২৮ অক্টোবর বুধবার আগের মতোই গ্যাসের আগুন দ্রুত গতিতে বের হচ্ছে। বাড়ির মালিক আবদুল্লাহ জানান, এক সপ্তাহ আগে নিজের ব্যবহারের জন্য ইয়ার্ডের সামনে গভীর নলকূপ বসানোর জন্য বোরিং করা হয়। কিন্তু পানি না পাওয়ায় কাজ বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার সকাল থেকে ওই স্থান থেকে গ্যাস নিয়ে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ওইদিন দুপুরের দিকে সেনা সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু তারপরও গ্যাস দিয়ে আগুন থামেনি। দুই দিন ধরে গ্যাস দিয়ে আগুন বের হচ্ছে।
জানা গেছে, ইনানীতে গভীর নলকূপ বসানোর জন্য খননকালে গ্যাস নির্গমনের বিষয়টি জানাজানি হলে তা দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন সেখানে ভিড় জমায়। এ ঘটনার পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। গ্যাস দিয়ে প্রচণ্ডভাবে আগুন জ্বলছে। মাঝে মাঝে বিস্ফোরণের শব্দও শোনা যায়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, ইনানীতে যে স্থান থেকে আগুন ও গ্যাস বের হচ্ছে সে স্থানটিকে নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সেখানে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, ঘটনার পর বাপেক্সের বিশেষজ্ঞ প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা নমুনা সংগ্রহ করেছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ইউএনও বলেন, গ্যাস দিয়ে যে আগুন বের হচ্ছে, তা স্বাভাবিকভাবে নিভতে দিতে হবে। বল প্রয়োগে আগুন নেভানোর চেষ্টা করা হলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে জানিয়েছে বিশেষজ্ঞ দল। নিরাপত্তার স্বার্থে আপাতত ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কিন্তু বেশিক্ষণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা সম্ভব নয়। তাই এ ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা চাওয়া হচ্ছে। বিশেষজ্ঞ দলের বরাত দিয়ে ইউএনও বলেন, গ্যাস দিয়ে বের হওয়া আগুন এক সপ্তাহ জ্বলতে পারে।