ইনানীতে মাটি থেকে গ্যাস ও আগুন বের হচ্ছে, এলাকায় আতঙ্ক

C0239e38cec55764f6a0fde75a7364bf 6ae03b2c57200 C0239e38cec55764f6a0fde75a7364bf 6ae03b2c57200
C0239e38cec55764f6a0fde75a7364bf 6ae03b2c57200

কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে হঠাৎ প্রবল বেগে গ্যাসের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাটির নিচে প্রাকৃতিক গ্যাস থাকার কারণে এমনটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর ছোট ব্রিজ সংলগ্ন বেওয়াচ হোটেল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাটি থেকে গ্যাসসহ আগুন বের হচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইনানী এলাকায় নলকূপ বসানোর বোরিং কাজ চলছিল। এ সময় মাটির নিচ থেকে হঠাৎ প্রবল বেগে গ্যাস বের হতে থাকে। একপর্যায়ে গ্যাসের সঙ্গে আগুনের লেলিহান শিখা দেখা যায়। এসময় গ্যাসের ধোঁয়া বের হওয়ায় আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, ইনানীর বেওয়াচ হোটেল এলাকায় নলকূপ বসানোর জন্য খনন করার সময় মাটি থেকে তীব্র গতিতে গ্যাসের সাথে আগুন বের হতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভূগর্ভস্থ গ্যাসের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে গ্যাসের সাথে আগুন এখনো নিভে যাচ্ছে দ্রুত গতিতে।

এদিকে, উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি আশেপাশের বৈদ্যুতিক তারে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। সংস্থাটি জানায়, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মানখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ঘটনাস্থলের পাশের একটি পাঁচতারা হোটেলে কর্মরত স্থানীয় যুবক আলামিন বলেন, ‘যেখানে আগুন লেগেছে তার পাশের কক্ষে আমরা কয়েকজন হোটেলকর্মী অবস্থান করছি। হঠাৎ মাটি থেকে আগুন বের হতে দেখে আমি খুব ভয় পেয়েছিলাম। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও আশপাশের হোটেল শ্রমিকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে মাটি থেকে বের হওয়া গ্যাসের প্রকৃতি ও উৎস এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh