হিট প্রকল্পের পরিচালক হিসেবে যোগ দিলেন অধ্যাপক রাকিবুল হক

D3b326110aad473b3855ad4ca1599fc5 6adf462702d4a D3b326110aad473b3855ad4ca1599fc5 6adf462702d4a
D3b326110aad473b3855ad4ca1599fc5 6adf462702d4a

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের অধ্যাপক ড. মো. রাকিবুল হক।

সোমবার (২৬ অক্টোবর) আগারগাঁওয়ে কপিরাইট অফিস ভবনে হিট প্রকল্পের কার্যালয়ে বিদায়ী প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এ সময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, হিট প্রকল্পের চিফ ইমপ্লিমেন্টেশন অফিসার এ কে এম মুখলেছুর রহমান, হিট প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক ড. নাজমিন আফরোজ, চিফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক সেলিনা জামান, সিনিয়র কোয়ালিটি অ্যাস্যুরেন্স স্পেশালিস্ট অধ্যাপক ড. এ এস এম আবদুল হাছিব, প্রকল্পের ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলামসহ ইউজিসি ও হিট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নতুন প্রকল্প পরিচালককে স্বাগত জানিয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষা খাতের অন্যতম বড় প্রকল্প। এটি যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। 

নানা কারণে প্রকল্পের কাজ দেরিতে শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা অর্থবহভাবে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইউজিসি চেয়ারম্যান। প্রকল্পের মেয়াদ না বাড়িয়েও নির্ধারিত পাঁচটি উপাদানের লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, সরকারের অগ্রাধিকার ও ইউজিসির পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে হিট প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে তিনি আশা করেন। প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় ইউজিসি তদারকি জোরদার করেছে বলেও জানান তিনি।

প্রকল্প পরিচালক পরিবর্তন হলেও বাস্তবায়নের গতি যেন ব্যাহত না হয়, সে বিষয়ে গুরুত্ব দেন ইউজিসি চেয়ারম্যান। তিনি নতুন প্রকল্প পরিচালককে নির্ধারিত লক্ষ্য সামনে রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। 

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘প্রায় চার হাজার কোটি টাকার এ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা গেলে দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে। বড় প্রকল্প বাস্তবায়নে ইউজিসির সক্ষমতাও প্রমাণিত হবে।’ প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

অধ্যাপক ড. মো. রাকিবুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের চেয়ারম্যান এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায়ও বাংলাদেশের পক্ষ থেকে স্থান পেয়েছেন তিনি। তার একাডেমিক ও প্রশাসনিক নেতৃত্ব এবং অভিজ্ঞতা হিট প্রকল্পের লক্ষ্য অর্জনে সহায়ক হবে বলে মনে করে ইউজিসি। 

গত ১৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. রাকিবুল হককে প্রেষণে এ দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। একই আদেশে অধ্যাপক ড. আসাদুজ্জামানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

উচ্চশিক্ষা খাতের রূপান্তরের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি হিট প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটির মোট ব্যয় ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। এর ৫০ দশমিক ৯৬ শতাংশ অর্থায়ন করবে বাংলাদেশ সরকার এবং বাকি ৪৯ দশমিক ৪ শতাংশ দেবে বিশ্বব্যাংক।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh