রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ জন।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের বিপরীত পাশে মাজার মসজিদের সামনে একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে এসে ট্রাকের পেছনে ধাক্কা দিলে দ্বীপে গিয়ে পুনরায় ধাক্কা লাগে। ঘটনাস্থলেই বাসের এক যাত্রীর মৃত্যু হয়।
পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।’
ওসি মোয়াজ্জেম উদ্দিন জানান, হতাহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।