নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার সুলপিনা ভুইবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রথমে দুই বন্ধু নিহত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে তাদের আরেক বন্ধু মারা যান।
নিহতরা হলেন- রূপগঞ্জ ইউনিয়নের আলমপুর দীঘিরপাড় গ্রামের আক্তার মিয়ার ছেলে রুদ্র মিয়া (১৬) ও দক্ষিণবাগ বৈলারটেক গ্রামের কামাল হোসেনের ছেলে ইয়ামিন (১৫)। রুদ্র আব্দুল হক ভূঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। ইয়ামিন বাঘবের আইডিয়াল হাইস্কুলের নবম শ্রেণিতে পড়ে।
নিহত অপর বন্ধু রাজধানীর বাড্ডা এলাকার জিল্লুর রহমানের ছেলে শ্রাবণ মিয়া (১৯)। সে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজধানীর একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ত। রূপগঞ্জের বাঘবের সিডি মার্কেট এলাকায় তার শ্যালকের বাড়িতে বেড়াতে আসেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে তিন বন্ধু একটি অনিবন্ধিত মোটরসাইকেলে পূর্বাচল এলাকায় বেড়াতে যায়। একপর্যায়ে ভূইয়াবাড়ি সেতুর পশ্চিম পাশের সার্ভিস লেন দিয়ে বিপরীত দিকে যাওয়ার সময় কাঞ্চনগামী অজ্ঞাত ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুদ্র ও ইয়ামিন নিহত হয়। গুরুতর আহত শ্রাবণকে উদ্ধার করে এশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
কাঞ্চন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।
