ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটের বেডরুম থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে এক নারী শিক্ষিকার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারের সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার নিজ ফ্ল্যাটের বেডরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত ডালিয়া দক্ষিণ কেরানীগঞ্জের রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে। একই সময়ে তিনি চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন (নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম)। তবে ডালিয়ার রাজনীতিতে জড়িত থাকার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ডালিয়া তার দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটেই থাকতেন। দুই মেয়ের বিয়ের পর তিনি সেখানে একাই থাকতেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী ইত্তেফাক ডিজিটালকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিষিদ্ধ যুব মহিলা লীগে ডালিয়ার জড়িত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নিহত নারীর রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। তার দুই মেয়ের দাবি তিনি পড়াতেন। সিআইডির ক্রাইম ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। এ ঘটনার তদন্ত চলছে।
