সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা পবিত্র নগরী মক্কা ও বন্দর নগরী জেদ্দায় সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করেছে। শুক্রবার (২৩ অক্টোবর) এ সতর্কতা জারি করা হয়। তবে কী ধরনের বিপদের এই সতর্কবার্তা দেওয়া হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সতর্কতা জারি হওয়ার পর সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি মক্কা ও জেদ্দার বাসিন্দাদের দ্রুত নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে।
এদিকে, ইয়েমেনের নতুন করে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবে ধারাবাহিক হামলা শুরু করেছে। তবে এসব হামলা মক্কা ও জেদ্দায় জারি করা সতর্কতার সঙ্গে সম্পর্কিত কিনা সে বিষয়ে কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ।