Homeরাজনীতিসার সংকটের জন্য...

সার সংকটের জন্য ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের দায়ী করেছেন প্রতিমন্ত্রী।

সার সংকট সৃষ্টির পেছনে ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের হাত থাকতে পারে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, যেসব জেলায় সার নিয়ে সমস্যা দেখা দিয়েছে, সেসব জেলার সংসদ সদস্যরা ১১ দলীয় জোটের। সরকারকে বিভ্রান্ত করার জন্য তাদের দলের লোকেরাই হয়তো এই সংকট তৈরি করেছে।

বুধবার (১৪ অক্টোবর) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোড়িঘাট এলাকায় গড়াই নদীর ওপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতুর স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া সার ডিলাররা স্বৈরাচারী শাসনামলে নিয়োগ পান। ডিলারদের অসহযোগিতার কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। যেসব জেলায় বিএনপির এমপি রয়েছেন সেখানে সারের কোনো সমস্যা নেই বলেও দাবি করেন তিনি।

বর্তমান সরকারের আমলে সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

এর আগে তিনি কুমারখালী উপজেলার রায়ডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে গাড়িতে ওঠার সময় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। ঘটনার ভিডিও রেকর্ড করার সময় স্টার নিউজের এক সাংবাদিকের ওপর হামলা হয়েছে।

পরে প্রতিমন্ত্রী প্রস্তাবিত সেতু নির্মাণের দুটি স্থান পরিদর্শন করেন। এ সময় কুষ্টিয়া থেকে বিএনপির বর্তমান ও সাবেক সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।