বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে রতন বেপারী (২৯) নামে ২৮ নম্বর আসামিকে অপহরণের চেষ্টা করেছে তার সহযোগী ও স্বজনরা। এ ঘটনায় এএসআই উজ্জ্বল নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রতনকে থানায় নিয়ে যায়।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকার দত্তবাড়ি অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত রতন চেলোপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, রতন বেপারীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, মাদক, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অপরাধে ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, মঙ্গলবার দুপুরে দত্তবাড়ি অটোরিকশা স্ট্যান্ডে টহল দেওয়ার সময় কয়েকজনকে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিতে দেখে পুলিশ সদস্যরা। এ সময় তাদের মধ্য থেকে রতন বেপারীকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা লোকজন ও আশপাশের স্বজনরা পুলিশের ওপর হামলা করে রতনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে আহত হন এএসআই উজ্জ্বল।
ওসি জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রতন বেপারীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আহত এএসআই উজ্জ্বলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।