ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া-ভুল্লী) আসনে ভোটের সময় যতই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রস্তুতি ততই বাড়ছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় শেষ হয় নির্বাচনী প্রচারণা। এর আগে নির্বাচনী পরিবেশ প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।
রোববার (২৫ অক্টোবর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার নন এমন লোকজন সংশ্লিষ্ট এলাকায় থাকতে পারবেন না।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়ায় জড়িত ব্যক্তি, নির্বাচন কমিশন কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কেউ নির্দিষ্ট সময়ে নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে নির্বাচনী এলাকা।
গণবিজ্ঞপ্তি অনুসারে, নির্বাচন কমিশন সচিবালয়ের 25 অক্টোবর 2026 তারিখের একটি চিঠির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনী কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তি এবং কমিশন কর্তৃক অনুমোদিত ব্যক্তিরা এই নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পাবেন। একইভাবে, এই নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা ও ভোটারদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে উপনির্বাচন অনুষ্ঠিত হোক এটাই আমাদের লক্ষ্য। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেজন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোট কেন্দ্রে বহিরাগতদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা না মানলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গত ২৯শে সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন, বিএনপির মির্জা ফয়সাল আমিন ও মোঃ ওবায়দুল্লাহ মাসউদ, জামায়াতে ইসলামী ও সমমনা দলের প্রার্থী দেলোয়ার হোসেন, কাদেমুল ইসলাম, আবদুল আলীম নিজামী ও হোসাইন মুহাম্মদ ওমর ফারুক।
প্রসঙ্গত, গত ৫ অক্টোবর দলের সিদ্ধান্ত ঘোষণা করে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির জেলা সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসউদ। ফলে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন মির্জা ফয়সাল আমিন।
ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫০ হাজার ৫৩ জন, নারী ২ লাখ ৫৬ হাজার ৫৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। সদর, রুহিয়া ও নবগঠিত ভূল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে রয়েছে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা।