রংপুরের তারাগঞ্জের ইকরচালীতে যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনায় বাসের চালক এনামুল হক (২৭) নিহত হয়েছেন। এছাড়া অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তারাগঞ্জের ইকরচালী বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
মৃত এনামুল হকের বাড়ি রংপুর সদর উপজেলার পাগলপীর এলাকায়। এনামুল হকের লাশ বর্তমানে তারাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তারাগঞ্জের ইকরচালী বাসস্ট্যান্ডে এআর ট্রাভেলস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। বাস থেকে পড়ে যান বাসের হেলপার এনামুল হক (২৭)। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী সৈকত আলী জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। বিকট শব্দে আমরা ছুটে গিয়ে দেখি বাসের চাকায় পিষ্ট হয়ে রাস্তায় পড়ে আছে এক ব্যক্তি। বাসে অনেক যাত্রী ছিল। আহত হয়েছেন বেশ কয়েকজন।
এদিকে আহতদের উদ্ধার করে স্থানীয় তারাগঞ্জ উপজেলা হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ জনকে তারাগঞ্জ উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে, বাকিদের রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। তাদের তারাগঞ্জ উপজেলা হাসপাতাল ও রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।