ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক করা হয়েছে। অপরদিকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনকে। এর মাধ্যমে বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক শাখা নতুন নেতৃত্ব পেল।
রোববার রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের কথা জানানো হয়। আগামী দুই সপ্তাহের মধ্যে এ শাখায় একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার কথা বলা হয়েছে।
শফিকুল ইসলাম খান যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন এস এম জাহাঙ্গীর হোসেন। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের কমিটি ভেঙে দেওয়া হয়। দলের সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
DS./