বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সুষ্ঠু প্রমাণ ছাড়াই অনিয়মের অভিযোগ এনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ডেমরায় নবী টাওয়ারে প্রয়াত বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা-৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রিজভী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা কারও নাম উল্লেখ না করে শেষ মুহূর্তে বানোয়াট অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে। এর উদ্দেশ্য ইচ্ছাকৃতভাবে জনগণের কাছে নির্বাচনকে হেয় করা। তবে মিথ্যা অপপ্রচার করে জামায়াত সফল হতে পারবে না বলে জনগণ সচেতন।
বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন।
অনুষ্ঠানে প্রয়াত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন রিজভী। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে সালাহউদ্দিন আহমেদ ছিলেন একজন আপসহীন ও আদর্শবাদী সিপাহসালার। শতাধিক ভুয়া মামলা, রিমান্ডে শারীরিক ও মানসিক নির্যাতন ও কারাগারে তার স্বাস্থ্য ভেঙে পড়ে। চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়।
রিজভী আরও বলেন, শুধু সালাহউদ্দিন আহমেদ নয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের অনেক নেতা-কর্মীকে পরিকল্পিতভাবে নিপীড়ন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-৫ সংসদীয় আসনের প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
এ সময় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি জাহিদুর রহমান, ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রয়াত নেতা সালাহউদ্দিন আহমেদ ও বাদল সরদারের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।